প্রিন্ট এর তারিখ : ০৯ জুলাই ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬
টানা ভারী বর্ষণে ডুবে গেছে লামা, বিপর্যস্ত জনজীবন
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
টানা পাঁচ দিনের ভারী বর্ষণে বান্দরবানের লামা উপজেলায় বন্যা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। উপজেলার পৌর শহরের বাজারসহ বিভিন্ন এলাকায় পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। স্থানীয় বাজার ব্যবসায়ীদের ভাষ্যমতে, বিভিন্ন এলাকায় বন্যার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।ইতিমধ্যে অবিরাম বর্ষণের কারণে উপজেলার আজিজনগরে পাহাড়ধসে এক পরিবারের শিশুসহ দুই পরিবারের মোট ৫ জনের মৃত্যু হয়েছে। একইসাথে পৌর এলাকা, ফাঁসিয়াখালী, সরই ও রূপসীপাড়াসহ বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে পাহাড়ের পাদদেশে বসবাসকারী পরিবারগুলোর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নতুন করে আরও পাহাড়ধসের আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিকভাবে সতর্কতা জোরদার করা হয়েছে।এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় পৌর শহরের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষকে প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করার আহ্বান জানিয়েছে প্রশাসন।জানা যায়, টানা বৃষ্টিতে অনেক সড়ক তলিয়ে যাওয়ায় বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ ব্যাহত হচ্ছে। নিম্নাঞ্চল এলাকা ও নদী-খালের আশপাশে বসবাসকারী মানুষজন সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন।আবহাওয়া অনুকূলে না এলে এবং ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন জানিয়েছেন, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক সরেজমিনে গিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে। একইসাথে দুর্যোগ প্রতিরোধে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পাহাড়ধসপ্রবণ এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত